প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের নীরবতা প্রমাণ করে প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়। প্রশাসনের কিছু অংশ এখনো শেখ হাসিনার ‘অলিগার্কদের’ দ্বারা প্রভাবিত।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, গণতন্ত্র রক্ষার যে প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন আমরা পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে কোনো সুদূরপ্রসারী প্রস্তুতি দেখা যাচ্ছে না।
রিজভীর ভাষ্য, স্বৈরাচার পতনের পরও আওয়ামী লীগের সহযোগী খুনের আসামিরা আজও আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার দাবি করছে।
তিনি অভিযোগ করেন, দীর্ঘ সাড়ে ১৫ বছরের দুঃশাসনের জন্য যারা দায়ী, তারা এখন প্রকাশ্যে আদালতে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, আদালত ও পুলিশ প্রশাসনকে কটাক্ষ করছে।
তিনি বলেন, ভারতে পলাতক শেখ হাসিনা একের পর এক হুংকার দিয়ে যাচ্ছেন, আর তার অনুসারীরা আদালতকে অকার্যকর প্রমাণের চেষ্টা করছে। গত ১৫ বছরে বিএনপির শীর্ষ নেতাদের ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হয়েছিল। এখন ফ্যাসিস্ট অপরাধীরা আদালতে আরামদায়ক পরিবেশে হাজির হচ্ছেন।





