“পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে ছাত্রদল নেতা “
ছাত্রদলের এক নেতা পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা তাণ্ডব চালালেও ধৈর্য্যের সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আগামীকাল হরতালের নামে যে-ই রাস্তা অবরোধ করবে, সহিংসতা চালাবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে হামলার শিকার হয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম পারভেজ। বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরের চরকাটরী গ্রামে। তার বাবার নাম সেকান্দার।
শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ “বিএনপি তাদের পুরনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে”





