নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি ছাড়াও বিভিন্ন দল নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে।
আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-১ আসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা বার বার ভুল করছে। তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও মোকদ্দমা রয়েছে। আদালত কর্তৃক তারা অপরাধী। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। নির্বাচন শেষে আন্তর্জাতিক মহল নির্বাচনকে সাধুবাদ জানাবে।
তিনি বলেন, এতিমের টাকা চুরি করায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে শাস্তি হয়েছে। কাজেই তারা মনে করে নির্বাচন হওয়া উচিত নয়। তারা নির্বাচন এলো তো দাঁড়াতে পারে না, কারণ বিএনপির নেতৃত্ব অন্য কেউ নিয়ে নেবে।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহল পর্দার অন্তরাল থেকে বিএনপিকে নির্বাচন অংশগ্রহণ করার জন্য বলেছে, কিন্তু তারা নির্বাচনে আসছে না। এ দেশে মুসলিম লীগ নামে একটি দল ছিল, সেটি বিলুপ্ত হয়ে গেছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে বিএনপিও বিলুপ্ত হবে।





