“নির্বাচনে দলের অংশগ্রহণ নয়, জনগণ অংশগ্রহণ করেছে কি না; সেটা মুখ্য বিষয়”
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে কোন দলের অংশগ্রহণ নয়, জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে কি না; সেটা মুখ্য বিষয়। ১৯৭০ সালের নির্বাচনেও অনেক নামকরা দল অংশগ্রহণ করেনি, অনেক বিখ্যাত নেতা অংশ নেননি। সেই নির্বাচনে জনগণ ব্যাপকভাবে অংশ নিয়েছিল।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এমন মন্তব্য করেন।
বাম জোটের নির্বাচন বর্জনের হুমকির বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘বামভাইদের আমি খুব সম্মান করি। কারণ, তারা আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের ও প্রগতিশীল শক্তি। আমার মধ্যেও কিছু বামচিন্তা আছে। আমাদের দলেরও মূল স্তম্ভ সোশ্যালিজম। যে কারণে বামদের সম্মান করি।’
দ্বাদশ নির্বাচনে কত শতাংশ ভোট পড়বে বলে প্রত্যাশা করেন, ‘এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রে যত শতাংশ ভোট পড়ে, তার চেয়ে বেশি ভোট এই নির্বাচনে পড়বে বলে আশা করছি।’
নির্বাচনে সহিংসতার বিষয়ে তিনি বলেন, ভারতে স্থানীয় সরকারসহ অন্যান্য নির্বাচনে যে মাত্রায় সহিংসতা হয়, সেগুলোর চেয়ে আমাদের দেশে এ পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে, তা অনেক কম।
আরও পড়ুনঃ “শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি-ধামকি পরোয়া করেন না”





