“নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট”
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা।
আজ মঙ্গলবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) এ সব কথা বলেন।
ইসি আলমগীর বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক সেটি অন্যান্য দেশও চায়। আমরাও নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে কাজ করছি। তা এর মধ্যেই সকলে বুঝতে পারছেন।
তিনি আরও বলেন, সব দলকে নির্বাচনে আসার অনুরোধ জানানোর পরেও বিএনপি না এসে সহিংসতা করছে। তবে তারা কিছুই করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সহিংসকারী অনেককে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ।
প্রশাসনে রদবদলের বিষয়ে ইসি বলেন, নির্বাচনকে অবাধ করার লক্ষ্যে বেশ কয়েকটি দল চেয়েছিল প্রশাসনে রদবদল। তার প্রেক্ষিতেই বদলি কার্যক্রম শুরু হয়েছে।
প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সব প্রার্থীদের সমান নিরাপত্তা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রার্থী হয়রানির আশঙ্কা করলে রিটার্নিং কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ “আওয়ামী লীগের মূল লক্ষ্য দেশরক্ষা করা”





