“নাশকতাকারীরা দেশের যেই প্রান্তে থাকুক না কেন তাদের গ্রেফতার করা হবে”
শুধু ঢাকার শহর নয়, নাশকতাকারীরা দেশের যেই প্রান্তে থাকুক না কেন তাদের গ্রেফতার করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
রোববার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ডিবিপ্রধান বলেন, বিভিন্ন থানায় যেসব মামলা হয় সেগুলো আমাদের দৈনন্দিন কাজ। সেই মামলাগুলোর তদন্ত করছি এবং যেগুলো অভিযান করা দরকার তা করছি।
পুলিশের নানান তৎপরতার পরও একের পর এক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এতে গোয়েন্দা দুর্বলতা রয়েছে কি না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় থানা পুলিশ, ডিবি পুলিশ টহল দিচ্ছে। হুন্ডা, মোবাইল কোর্ট চলছে। আমরা চেকপোস্ট বসাচ্ছি। যারা বাসে আগুন দিচ্ছে তাদের গ্রেফতার করছি। বিচ্ছিন্ন কয়েকটা জায়গায়… অবরোধ আজকে, তারা গতকাল সন্ধ্যায় অচল, নষ্ট বাসে আগুন ধরিয়ে দিচ্ছে। এ নাশকতাকারীরা ফৌজদারি অপরাধ করছে। তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো।
তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আশঙ্কা ঘিরেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। আমরা দৈনন্দিন কাজ করছি। নাশকতার পরিকল্পনা যারা করছেন তাদের গ্রেফতার করছি। তফসিল কেন্দ্র করে যারা এ ধরনের অপরাধ করবে তাদের গ্রেফতার করবো। নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করার জন্য আমরা কাজ করবো।
আরও পড়ুনঃ কক্সবাজারে ১৪ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী





