নারীর নিরাপত্তায় তারেকের ‘পাঁচ পয়েন্ট’ প্রতিশ্রুতি: ক্ষমতায় এলে ২৪ ঘণ্টা হটলাইন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে দলের সুনির্দিষ্ট পাঁচ দফা পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে এই পাঁচটি পদক্ষেপ বাস্তবায়ন করবে বিএনপি, যাতে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও অনলাইনে কোনো নারীকে আর ভয়ে থাকতে না হয়।
তারেক রহমান লিখেছেন, “আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে আমাদের কন্যা, মা, বোন ও সহকর্মীরা কথা বলা, কাজ করা বা স্বাধীনভাবে চলাফেরার জন্য হয়রানি ও সহিংসতার শিকার হয়। আমি ও আমার স্ত্রী প্রায়ই চিন্তা করি—আজকের পৃথিবী আমাদের কন্যার জন্য কতটা ভিন্ন ও ঝুঁকিপূর্ণ। সুযোগ বেড়েছে, ঝুঁকিও বেড়েছে।”
বিএনপির প্রতিশ্রুত পাঁচটি জরুরি উদ্যোগ:
১. জাতীয় অনলাইন সুরক্ষা ব্যবস্থা: ২৪ ঘণ্টা হটলাইন, অনলাইন পোর্টাল ও প্রশিক্ষিত টিমের মাধ্যমে সাইবার বুলিং, হুমকি, ভুয়া প্রোফাইল, ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ দ্রুত সমাধান। ফেসবুক-ইউটিউবের মতো প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করে বাংলা ভাষায় কনটেন্ট মডারেশন জোরদার করা।
২. সামাজিক-রাজনৈতিক কর্মী নারীদের বিশেষ সুরক্ষা: সাংবাদিক, ছাত্রনেত্রী, সমাজকর্মীদের জন্য জাতীয় নির্দেশিকা, গোপন অভিযোগ জানানোর ব্যবস্থা ও দ্রুত আইনি-ডিজিটাল সহায়তা। কাউকে সামাজিক কাজে বাধা দেওয়া যাবে না।
৩. ডিজিটাল নিরাপত্তা শিক্ষা বাধ্যতামূলক: স্কুল-কলেজের ওরিয়েন্টেশনেই সাইবার সেফটি প্রশিক্ষণ, প্রতি প্রতিষ্ঠানে ‘সেফটি ফোকাল পয়েন্ট’ ও বার্ষিক সচেতনতা ক্যাম্পেইন।
৪. কমিউনিটি লেভেলে তাৎক্ষণিক সাড়া: থানায় কমিউনিটি হেল্প ডেস্ক, নিরাপদ বাস-ট্রেন, উন্নত সড়ক বাতি, ট্রমা-সেনসিটিভ পুলিশ ও কাউন্সেলর।
৫. নারী নেতৃত্বে সর্বাত্মক সহায়তা: লিডারশিপ ট্রেনিং, মেন্টরশিপ নেটওয়ার্ক, কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার বাধ্যতামূলক করা। “নারী এগোলে দেশ এগোবে।”
তারেক রহমান শেষে আহ্বান জানান, “আমাদের রাজনীতি, ধর্ম বা লিঙ্গ যাই হোক, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত হলে বাংলাদেশ অপ্রতিরোধ্য হয়ে উঠবে। আসুন আমরা একসঙ্গে আমাদের কন্যাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।”
এই পোস্টটি কয়েক ঘণ্টার মধ্যেই লাখো রিঅ্যাকশন ও শেয়ার পেয়েছে। বিএনপির নেতাকর্মীরা এটিকে “নারীবান্ধব ম্যানিফেস্টোর প্রথম ধাপ” বলে অভিহিত করছেন।





