নতুন বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়াতে হবে
নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেছেন, নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ল্যাব সুবিধা চালু ও দক্ষ জনবল নিয়োগের দিকে নজর দিতে হবে। শিক্ষার্থীরা ভর্তির পর যেন শিক্ষা-সহায়ক পরিবেশ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।
সোমবার (১৫ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় তিনি এ পরামর্শ দেন।
এসময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী যুগের চাহিদা ও বাস্তবতার নিরিখে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে বিভাগ খোলার পরামর্শ দেন। তিনি দেশে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেও নির্দেশনা দেন।





