“ধারাবাহিকভাবে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে বিএনপি নেতারা”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তথাকথিত গুম, খুন ও মামলার সংখ্যা নিয়ে বিদেশি প্রভুদের কাছ থেকে করুণা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় ধারাবাহিকভাবে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে বিএনপি নেতারা।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুলের দেওয়া বিরোধীদলের নেতাকর্মীদের গুম, হত্যার ঘটনার দেওয়া তথ্য সম্পূর্ণ বানোয়াট। দেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে।
তিনি বলেন, তথাকথিত গুম, খুন ও মামলার সংখ্যা নিয়ে বিদেশি প্রভুদের কাছ থেকে করুণা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় ধারাবাহিকভাবে সরকার বিরোধী এ অপপ্রচার চালাচ্ছে বিএনপি নেতারা।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলামকে ঢালাওভাবে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক কারণে তথাকথিত নিপীড়ন-নির্যাতনের কোনো ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্যসহ সম্পূর্ণ তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মৃত্যুবরণকারী যুবদল নেতা একজন স্থানীয়ভাবে চিহ্নিত মাদকসেবী এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। একাধিক মামলা বিচারাধীন। কোনো ধরনের আইনের ব্যত্যয় ঘটলে সরকার গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখবে।
আরও পড়ুনঃ “পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই”





