দেশের গণমাধ্যম দ্রুত বিকাশ লাভ করছে: তথ্যমন্ত্রী
বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপগুলোকে অনন্য ও যুগান্তকারী বলে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা ও সব মানুষের সমান অধিকারের কথা আমাদের সংবিধানে প্রোথিত এবং দেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবে শুধু কাজই করছে না, দ্রুত বিকাশও লাভ করছে।
রোববার বিকেলে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় ‘গণমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকার’ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের টেলিভিশন চ্যানেল এবং বেতার বেসরকারি খাতে উন্মোচিত হয়েছে। শুধু বিটিভি ছিল, এখন ৪৫টি বেসরকারি টিভি চ্যানেল। শুধু বাংলাদেশ বেতার থেকে এখন ২৭টি এফএম ও ৩২টি কমিউনিটি রেডিও লাইসেন্স পেয়েছে। গত ১৪ বছরে পত্র-পত্রিকার সংখ্যা বেড়েছে তিনগুণ। আর কত হাজার অনলাইন পত্রিকা হয়েছে, তা গবেষণার বিষয়।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বৈঠকে এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সবার নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্যই এ আইন। বিশেষ কোনো মানুষ, গোষ্ঠী বা পেশার জন্য নয়। আশপাশের দেশ ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর থেকে শুরু করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ কন্টিনেন্টাল ইউরোপের দেশগুলো, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বহু দেশে এ আইন আছে। কারণ এর বাস্তব প্রয়োজন রয়েছে।
আরও পড়ুনঃ ১৮ ডিসেম্বর থেকে শুরু এসএসসির ফরম পূরণ





