তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
তুরস্কে সাকারিয়া প্রদেশে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৭ জন।
আজ বৃহস্পতিবার আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুল থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরে সাকারিয়া প্রদেশের উত্তর মারমারা হাইওয়েতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এ সময় সড়কটিতে পরপর সাতটি গাড়ি একটির সঙ্গে অন্যটি ধাক্কা খায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
সাকারিয়ার গভর্নর ইয়াসার কারাদেনিজ বলেছেন, দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রথমে একটি গাড়ি অপর একটি ট্রাকে ধাক্কা দিলে অন্যান্য দুর্ঘটনার সূত্রপাত হয়। দুর্ঘটনার শিকার গাড়িগুলোর মধ্যে অন্তত তিনটি আন্তঃনগর বাস রয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।





