তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে ক্ষোভ রিজভীর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গোপন ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেছেন, “ভোটকেন্দ্র আবারও ভোটারের পদধ্বনিতে মুখরিত হোক, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু কেন নির্বাচন পেছানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা? এটা গোটা জাতির প্রশ্ন।” বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও স্লোগানের প্রতিবাদ জানানো হয়।
রিজভী বলেন, “তারেক রহমান গত ১৭-১৮ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি নিজেই শেখ হাসিনার নিপীড়নের শিকার। তবু তার বিরুদ্ধে মিছিল ও সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।” তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছয়-সাত বছর ধরে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনা তাকে অন্ধকারাচ্ছন্ন কারাগারে বন্দি রেখেছিলেন। গোটা জাতি তার প্রতি সহানুভূতিশীল, অথচ তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথাবার্তা বলা হচ্ছে।”
রিজভী নির্বাচন নিয়ে গোপন ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমরা সংস্কার চাই। যৌক্তিক সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, কিন্তু অযৌক্তিকভাবে দীর্ঘায়িত করবেন না।” তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠকের কথা উল্লেখ করে বলেন, “এই বৈঠক দেশের মানুষের মধ্যে স্বস্তি এনেছিল। কিন্তু কিছু মানুষ এই স্বস্তি চায় না। তারপরই সারাদেশে সংঘাত ও রক্তপাত শুরু হয়েছে। এর পেছনে কী কারণ?”
মিটফোর্ড হাসপাতালে সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গে রিজভী বলেন, “বিএনপি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিজেরাই পুলিশকে মামলা করতে বলছি।” তিনি প্রশ্ন তুলে বলেন, “শেখ হাসিনা নারায়ণগঞ্জ ও কক্সবাজারের মাফিয়াদের পক্ষে সংসদে কথা বলতেন। কিন্তু বিএনপি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। তাহলে কেন তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান?”
রিজভী খুলনায় এক বিএনপি যুবকের পায়ে গুলি ও রগ কাটার ঘটনা এবং কক্সবাজারে বিএনপি কর্মী আব্দুর রহিমের হত্যার প্রসঙ্গ তুলে বলেন, “এসব ঘটনা নিয়ে কেন কথা হচ্ছে না? আইনশৃঙ্খলার দায়িত্ব সরকারের, কিন্তু তারা এ বিষয়ে নীরব।” তিনি এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।





