ট্রাম্পের শুল্ক হুমকিতে বাংলাদেশের কৌশল: যুক্তরাষ্ট্র থেকে বেশি তুলা, তেল ও গ্যাস কিনবে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে বেশি পরিমাণে তুলা, তেল এবং গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ মে) জাপানের টোকিওতে নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনায় এই প্রস্তাব কাজে লাগানো হবে।
ড. ইউনূস বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব বাণিজ্য অংশীদারের সঙ্গে ঘাটতি কমাতে চান। আমরা যদি আমেরিকান পণ্য বেশি কিনি, তবে ভারত, মধ্য এশিয়া বা অন্যান্য দেশ থেকে তুলা ও তেলের আমদানি কমাতে পারি। এতে আমাদের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”
তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে ভারত, ব্রাজিল ও আফ্রিকার কিছু দেশ থেকে তুলা আমদানি করে, তবে এখন যুক্তরাষ্ট্রের উচ্চমানের তুলার দিকে মনোযোগ দিচ্ছে।
২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করলেও আমদানি করেছে মাত্র ২.২ বিলিয়ন ডলারের পণ্য, যার ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৬.২ বিলিয়ন ডলার। এই ঘাটতি কমাতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল তুলার আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এছাড়া, তেল ও গ্যাসের মতো জ্বালানি পণ্য আমদানি বাড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নত করার লক্ষ্য রয়েছে।





