ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। সারা দেশে নির্বাচনের আবহ তৈরি হয়ে গেছে। কোনোরকম ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নির্বাচনের জন্য পুরোপুরি উপযোগী।”
মঙ্গলবার চাঁদপুর জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, দেশের জনগণ তাদের রুখে দেবে। বিএনপি নদীর মতো বিশাল দল। একেকটি আসনে ৪-৫ জন প্রার্থীর নাম আসছে – এটাই প্রমাণ করে দলের জনপ্রিয়তা ও গতিশীলতা। এতে কোনো অসুবিধা নেই।”
সভায় আইনজীবীরা আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবী সমাজের ভূমিকার ওপর গুরুত্ব দেন। মির্জা ফখরুল বলেন, “আইনজীবীরাই গণতন্ত্রের প্রথম রক্ষক। আপনারাই পারেন নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকতে।”
সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃদুল কুমার সাহা, সাবেক সভাপতি আবদুল হালিম, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক তারিক আদনান প্রমুখ।
বিএনপির শীর্ষ নেতৃত্বের এমন আশাবাদী বার্তা আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।





