জুলাই হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারের আমলেই: আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারের আমলেই সম্পন্ন হবে। তিনি জানান, এই বিচার প্রক্রিয়ায় কোনো গাফিলতি থাকবে না এবং প্রয়োজনে দ্রুত বিচার আইনের আওতায় এ বিচার সম্পন্ন করা হবে। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ২১ জন শহীদ এবং সাড়ে তিনশ মানুষ আহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ৫ আগস্টের আগেই চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা যায়।” তিনি জোর দিয়ে বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বর্তমান সরকারের শাসনামলেই এই বিচার সম্পন্ন হবে।”
জুলাই গণঅভ্যুত্থানের ঐক্যের চেতনাকে ধরে রাখার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “জুলাইয়ে মানুষের আত্মত্যাগ, শোক ও সাহস আমাদের একটি পরিবারে পরিণত করেছিল। ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়েছি। এই ঐক্যকে ধরে রাখতে হবে।” তিনি বৈষম্যহীন ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে কোনো শাসক অপশাসনে রূপান্তরিত হবে না।
স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা লঙ্ঘন ও চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, “অনেক এলাকায় ভয়ংকর হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। জুলাইয়ের ঐক্য দিয়ে যেমন ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছি, তেমনই ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে।” তিনি জনগণকে সরকারের পাশে থেকে প্রশাসনের সহযোগিতায় এই অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের মাধ্যমে নারায়ণগঞ্জের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। উপদেষ্টা বলেন, “এই স্মৃতিস্তম্ভ জুলাই আন্দোলনের ত্যাগ ও সাহসের প্রতীক। এটি ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় ও গণতন্ত্রের পথে অনুপ্রাণিত করবে।”





