জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যান করল এনসিপি, কঠোর সমালোচনা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদের খসড়ার তীব্র সমালোচনা করে এটি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন মঙ্গলবার (২৯ জুলাই) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, পর্যাপ্ত আলোচনা ছাড়াই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করা সঠিক সিদ্ধান্ত নয়।
রাসিন জানান, কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা উল্লেখ করলেও, এ বিষয়ে কোনো আলোচনা না করেই খসড়া প্রকাশ করেছে, যা দলটির কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়, সেগুলো বাস্তবায়ন না হলে জুলাই সনদে সই করা হবে কি না, তা আমাদের দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের অবস্থান স্পষ্ট—ঐকমত্যের ভিত্তিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। একতরফাভাবে কিছু চাপিয়ে দিলে আমরা তা মানব না।”
এনসিপি জোর দিয়েছে যে, আলোচনায় ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো নির্বাচনের আগে একটি আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে।
রাসিন বলেন, “যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা নির্বাচনের আগেই আইনগত ভিত্তি পেতে হবে। এই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হওয়া উচিত।” তিনি জানান, এনসিপি মৌখিকভাবে এই অবস্থান জানিয়েছে এবং প্রয়োজনে লিখিতভাবে কমিশনকে জানানো হবে।
জাভেদ রাসিন আরও উল্লেখ করেন, জুলাই সনদের খসড়ায় মৌলিক সংস্কারের বিষয়গুলো পরিষ্কারভাবে অন্তর্ভুক্ত না হওয়ায় দলটি এটি প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, “ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেয়ার জন্য যেসব সংস্কার অপরিহার্য, সেগুলোর বাস্তবায়ন ছাড়া কোনো সনদ গ্রহণযোগ্য হবে না।”
এনসিপি’র এই অবস্থান জুলাই সনদ নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে, যা আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।





