জামালপুরে মেয়ের পর মায়ের লাশ উদ্ধার
জামালপুরে মেয়ে কাজলী আক্তারের মরদেহ উদ্ধারের ৩৬ ঘণ্টা পর একটি খাল থেকে মা জোসনা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বড়ইতার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। কাজলী আক্তার ও জোসনা বেগম নান্দিনা নয়াপাড়া বাদাম বাড়ি গ্রামের মোস্তফা কামালের মেয়ে ও স্ত্রী।
এ বিষয়ে পুলিশ ও কাজলীর বাবা মোস্তফা কামাল জানিয়েছেন, তার মেয়ে কাজলী আক্তার ও স্ত্রী জোসনা বেগম শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে আওয়ামী লীগের নেতা নিপুণের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। কাজলীকে বাঁশচড়া জামিরা উচ্চ বিদ্যালয়ে চাকরি নিয়ে দেয়ার কথা দেয় নিপুণ। এ কারণে নিপুণের সাথে ৫ লাখ টাকা রফাদফা হলে ৪ লাখ টাকা দেয়া হয়। এরপর রাতে মা-মেয়ে আর বাড়ি ফেরেনি।
রোববার রানাগাছা এলাকার বাঁশঝাড়ে এক নারীর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। মোস্তফা কামাল হাসপাতালে গিয়ে তার মেয়ে কাজলীর শনাক্ত করে। এরপর থেকেই স্ত্রী জোসনা বেগম নিখোঁজ ছিল।
সোমবার সন্ধ্যায় বড়ইতার এলাকার বানার খালে এক নারীর মরদেহ ভাসতে দেখা যায়। এ ঘটনায় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শুলাকুড়ি মমিনবাগ গ্রামের আব্দুস সোবহানের ছেলে শামীম হাসান এবং সদর উপজেলার জামিরা ফরিদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।





