জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক গঠনের প্রস্তাব বাংলাদেশের
বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘভুক্ত দেশগুলোর মধ্যে পুলিশি সক্ষমতা, প্রযুক্তিগত উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য নতুন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম ইউএনকপস ২০২৬ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুই দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন দেশের পুলিশ প্রধান, নীতিনির্ধারক এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং আন্তঃদেশীয় অপরাধচক্রের বিস্তারের কারণে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি জটিল হয়ে উঠেছে। এ বাস্তবতায় আধুনিক ও কার্যকর পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ তার ফর্মড পুলিশ ইউনিটকে আরও আধুনিক ও দক্ষ করে তুলেছে। পাশাপাশি সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ও সংগঠিত অপরাধ তদন্ত, ফরেনসিক, ইমিগ্রেশন পুলিশ এবং গোয়েন্দাভিত্তিক পুলিশিংয়ের সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের লক্ষ্যে ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেন। তাঁর মতে, এ উদ্যোগ আন্তর্জাতিক পুলিশি সহযোগিতাকে আরও কার্যকর করবে এবং সেরা অনুশীলনগুলো দ্রুত ছড়িয়ে দিতে সহায়ক হবে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক প্রস্তুতি জোরদার করতে প্রতি বছর পরিবেশ পুলিশিং সম্মেলন আয়োজনেরও প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে অভিযোজনক্ষম, উদ্ভাবনী এবং মানবকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ পুলিশ ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে বাংলাদেশের উপস্থাপিত এসব প্রস্তাব অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের প্রশংসা অর্জন করেছে। অনুষ্ঠানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম, অপারেশনাল সাপোর্ট এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





