জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এ নিয়ে জাতিসংঘের কার্যকারিতা জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক করছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গতকাল (বুধবার) লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে ইসরায়েল। এসব হামলায় অসংখ্য শিশু, নারী ও পুরুষ হতাহত হয়েছে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা। অথচ বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল আলোচনার পর আলোচনা করে চলেছে। অথচ এখনো পর্যন্ত এই ভয়ঙ্কর ও প্রাণঘাতী যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারছে না। জাতিসংঘের কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, এ প্রাণঘাতী, বিবেকহীন ও অর্থহীন যুদ্ধ এখনই বন্ধ করার জন্য আমি সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি—এই যুদ্ধ বন্ধ করতে না পারলে বিশ্ব আরও বেশি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
কালবিলম্ব না করে এ বিষয়ে জাতিসংঘের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান মির্জা ফখরুল।
আরও পড়ুনঃ “বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা করতে চায় চীন”





