চলতি বছর বাংলাদেশের আমের রফতানি ১০ গুণ বৃদ্ধি পাবে
চলতি বছর বাংলাদেশের আমের রফতানি ১০ গুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার চীনে বাংলাদেশের আমের প্রথম চালান পাঠানোর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
শেখ বশিরউদ্দীন বলেন, “চীনের শতভাগ শুল্কমুক্ত সুবিধার কারণে বাংলাদেশের আম প্রথমবারের মতো বিনা শুল্কে এই বিশাল বাজারে প্রবেশ করছে। এটি আমাদের বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি জানান, এই সুবিধা কাজে লাগিয়ে চীনের বাজারে আমের রফতানি বাড়ানোর পাশাপাশি অন্যান্য কৃষিপণ্যের রফতানি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উপদেষ্টা আরও বলেন, “চীনের বাজারে বাংলাদেশের আমের চাহিদা বাড়ছে। আমাদের উৎপাদক ও রফতানিকারকদের জন্য এটি একটি বড় সুযোগ। আমরা লক্ষ্য করছি, এই বছর আমের রফতানি গত বছরের তুলনায় ১০ গুণ বাড়বে।” তিনি রফতানি প্রক্রিয়া সহজ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।





