“গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা প্রায় শেষ দিকে”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা প্রায় শেষ দিকে। এ মাসে শহীদ পরিবারদের নিয়ে স্মরণসভা করা হবে। সেখানে তালিকা ঘোষণা করা হবে। তাদেরকে আর্থিক সহায়তা দেয়া হবে।
আজ শনিবার গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘরে রূপান্তরের পর জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। স্থপতি ও শিল্পী নিয়ে জাদুঘর নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হবে।
এদিকেতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, জনগণই যে ক্ষমতার আসল মালিক সেটা উপস্থাপনের জন্যই এ জাদুঘর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
জুলাই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরে যাদের ওপর নিপীড়ন, গুম, খুনের ঘটনা ঘটেছে, সেই তালিকা থাকবে এই জাদুঘরে। মানুষের ক্ষোভের উপস্থাপনও থাকবে সেখানে। কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে।
পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেটা পরবর্তীকালে সিদ্ধান্ত হবে উল্লেখ করেন নাহিদ ইসলাম।





