“খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে”
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সব ধরনের খেলাধুলার ব্যাপক উন্নয়ন হয়েছে। খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে। তাই মাদক থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।
আজ শুক্রবার সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মাহা বাংলাদেশ আন্ত:মণিপুরী ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রীড়া ক্ষেত্রে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে মণিপুরীরা সুনামের সাথে অবদান রাখছে। তাদের ক্রীড়া নৈপুণ্য ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার কাজ করছে ।
আব্দুল মোমেন আরো বলেন, সিলেটে ৪টি খেলার মাঠ বানানোর পরিকল্পনা সরকার নিয়েছে। ইতোমধ্যে ২টি মাঠের অনুমোদন পাওয়া গেছে।
প্রতিযোগিতার ফাইনালে আজ ‘কম প্রত্যাশা নহারোল ক্লাব ভানুগাছ’ ট্রাইব্রেকারে ‘পাথারি এক্সপ্রেস বড়লেখা’কে ৪-১ গোলে পরাজিত করে চাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নুংশি থৈবা, সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন নিরোদ শর্মা।
আরও পড়ুনঃ শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী





