“কোন দুঃখে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে নেয়া হবে?”
বিএনপিকে নির্বাচনকালীন সরকারে নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোন কারণে কোন দুঃখে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে নেয়া হবে? বাইরের কাউকে নিতে হলে, সেটা হবে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে। বিএনপির তো সংসদে এখন কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। যারা ছিল, তারা পদত্যাগ করেছে।
আজ রোববার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সহিংসতা করে কেউ যদি মনে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করবেন, নির্বাচন প্রক্রিয়া ভণ্ডুল করবেন সেটা আমরা হতে দেবো না।
সংলাপের পথ বিএনপি রুদ্ধ করে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা আগ বাড়িয়ে সংলাপের কোনো চিন্তা করছি না। তারপরও বলবো, নির্বাচনে আসুন।
কাদের বলেন, পুলিশ সদস্যকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। বিএনপির সশস্ত্র ক্যাডাররা নির্মমভাবে তার লাশে উল্লাসনৃত্য করেছে।
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে সন্ত্রাসী ধারা বাস্তবায়নে গোপনে প্রস্তুতি নিচ্ছিল বিএনপি। ভয়ংকর রাজনীতির পুরোনো চেহারা ফিরিয়ে আনার সময় নিচ্ছিল। সময় মতোই তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের পথ বেছে নিয়েছে।
আরও পড়ুনঃ “রাজনীতির নামে সহিংসতা চালালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে”





