কীটনাশক-আলু-পেঁয়াজে শুল্ক কমালো সরকার
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কীটনাশকে ২০ শতাংশ, আলুতে ১৩ শতাংশ আমদানি শুল্ক ও পেঁয়াজে ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছে।
আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে।
আলুতে কাস্টমস ডিউটি (সিডি) ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমানো হয়েছে। এছাড়া আগে এ পণ্যটির ওপর প্রযোজ্য থাকা ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি (আরডি) সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে পণ্যটিতে মোট শুল্ক কমানো হলো ১৩ শতাংশ।
আমদানি পর্যায়ে পেঁয়াজে ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে কীটনাশকের উপরে প্রযোজ্য ২৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া পণ্যটির উপর সমুদয় রেগুলেটরি শুল্ক ও মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুনঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার





