আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কোনো দল নির্বাচনে না আসলে সেজন্য নির্বাচন বৈধ হবে না এমনটি সংবিধানের কোথায় লেখা নেই। যাদের ইচ্ছে তারা নির্বাচনে অংশ নেবে। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, মানুষ তাদেরকে ভোট দেবে না।
আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুরে পীরগাছা সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে। মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকেই ভোট দেবে বলেও জানিয়েছেন তিনি।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচন বানচাল করতে বিএনপি আবারো জ্বালাও-পোড়াও আগুন সন্ত্রাস করছে। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছে। যেকোনো মূল্যে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠিন হস্তে দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে কাজ করবে পুলিশ বাহিনী, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করবে।
আরও পড়ুনঃ “বিএনপির লক্ষ্য গণতন্ত্র নয়, চোরাগোপ্তা হামলা করে শেখ হাসিনার পতন”





