“আগামী নির্বাচনের আগে আরও অপপ্রচার হতে পারে”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেছেন, আমরা মনে করি আমাদের আরও সক্রিয়ভাবে কাজ করা দরকার। কেননা আগামী নির্বাচনের আগে আরও অপপ্রচার হতে পারে।
সেহেলি সাবরিন আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সাপ্তাহিক ক্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, তথ্য, আইন ও পররাষ্ট্র বিষয়ক তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি এ বিষয়ে কাজ করছে।
এছাড়া আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনকে নির্দেশনা দিয়েছে সরকার।
তিনি বলেন, পররাষ্ট্রন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ইতোমধ্যে বিদেশে অবস্থিত সব মিশনকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করছে এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলো স্বাগতিক দেশগুলোতে- যেখান থেকে বিভ্রান্ত্রি ও ভুল তথ্য ছড়ানো হয়- দেশের অবস্থান সমুন্নত রেখেছে।
মুখপাত্র বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বিদেশি পর্যবেক্ষকদের সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ সেল গঠন করেছে। কেউ আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখালে সেলের সাথে যোগাযোগ করতে হবে। যেকোনো পর্যবেক্ষকের সুবিধার্থে আমরা আমাদের নিজস্ব আইন ও নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলব।
সূত্রঃ বাসস





