“আওয়ামী লীগের সরকারের সময় সবচেয়ে রোষানলের শিকার বিএনপির নেতাকর্মীরা”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের সরকারের সময় সবচেয়ে রোষানলের শিকার বিএনপির নেতাকর্মীরা। গত ১৬ বছরে বিএনপির হাজারও নেতাকর্মী জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন।
আজ শুক্রবার বেলা ১১টার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের মাঝে জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতার জন্য কোনোকিছুর দিকে তাকাননি। নির্বিচারে গুলি চালিয়েছেন। স্বাধীনতা পেলেও আন্দোলন চলছে, কারণ স্বৈরাচাররা চুপচাপ নেই। ভারতে থেকে অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ নিয়ে ভারত নানাভাবে চক্রান্ত করছে।’
বিএনপির এই নেত্রী বলেন, ‘জনগণের কল্যাণের জন্য বিএনপিকে জিয়াউর রহমান তৈরি করেছেন। খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে। এখন তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে না।’
বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে তারা বিএনপির কেউ না। পরিচয় নিশ্চিত না হয়ে নতুন করে কাউকে দলে না ঢোকানোর আহ্বান জানিয়েছেন সেলিমা রহমান।
আরও পড়ুনঃ এখনই নির্বাচনের দিন-তারিখ জানানো সম্ভব নয়: ড. ইউনূস





