৯ কোটি ২০ লাখে শাহরুখের কেকেআরে মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে একের পর এক দামি ক্রিকেটার কিনে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ এবং মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে নেওয়ার পর এবার বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নিল শাহরুখ খানের মালিকানাধীন দলটি।
বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে (যা প্রায় ১২ কোটি ৩৬ লাখ টাকার সমান) কিনে নিয়েছে কেকেআর। নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তাকে দলে নিতে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং দিল্লি ক্যাপিটালসের (ডিসি) সঙ্গে তীব্র লড়াইয়ের পর শেষ হাসি হাসে কলকাতা নাইট রাইডার্স।
গত মৌসুমে ভিত্তিমূল্যে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মোস্তাফিজের জন্য এবার নিলাম শুরু হতেই আগ্রহ দেখায় ফ্র্যাঞ্চাইজিগুলো। চেন্নাই সুপার কিংস ডেথ ওভারের জন্য একজন ভালো পেসার খুঁজছিল, পাথিরানাকে না পাওয়ায় তারা মোস্তাফিজের দিকে নজর দেয়।
২০১৬ সালে মোস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন এবং সেই আসরেই দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং সবশেষ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। এবার তিনি শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামবেন।





