৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা
৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ শুক্রবার বিকেলে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৭ নভেম্বর) থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সকল বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের সকল লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদসংশ্লিষ্ট) অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
দ্বাদশ জাতীয় নির্বাচন ঠেকাতে বিএনপি-জামায়াতের ডাকা সপ্তম দফার ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি শুরু হবে রোববার (২৬ নভেম্বর)। সোমবার অবরোধের দ্বিতীয় দিনে লিখিত পরীক্ষায় বসার কথা ছিল পৌনে ১৩ হাজার চাকরিপ্রার্থীর।
অবশ্য এ নিয়ে আগে থেকেই পরীক্ষা স্থগিতের দাবি করে আসছিলেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুনঃ চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন তীক্ষ্ণ দৃষ্টি রাখছে: খাদ্যমন্ত্রী





