৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি; উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
আগামী ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ শুরু হচ্ছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৮ ডিসেম্বর) এক্সিবিশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান। এ সময় ইপিবি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান ও ইপিবির মহাপরিচালক বেবি রাণী কর্মকার উপস্থিত ছিলেন।
বাণিজ্য সচিব বলেন, এবারের মেলায় সম্পূর্ণভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। কেউ পলিথিন ব্যাগ ব্যবহার করলে সংশ্লিষ্ট স্টল বা প্যাভিলিয়ন কোনো পুরস্কারের জন্য বিবেচিত হবে না। দর্শনার্থীদের জন্য বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহ করা হবে, যা জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে স্বল্পমূল্যে বিক্রি করা হবে।
এবার মেলায় মোট ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে, এর মধ্যে ১১টি বিদেশি। এতে মেলাটি আন্তর্জাতিক মর্যাদা পাবে। অনলাইনে স্টল-প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। ই-টিকিটিং চালু করা হয়েছে—অন-স্পট টিকিটের পাশাপাশি অনলাইনে কেনা টিকিটের কিউআর কোড স্ক্যান করে প্রবেশ করা যাবে। যাতায়াত সুবিধায় বিআরটিসির ডেডিকেটেড বাসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত হয়েছে।
প্রথমবারের মতো চালু হচ্ছে ‘এক্সপোর্ট এনক্লেভ’—‘বেস্ট অব বাংলাদেশ’ শিরোনামে চামড়া-জুতা, লাইট ইঞ্জিনিয়ারিংসহ ৭টি রপ্তানিমুখী খাতের সেরা পণ্য প্রদর্শিত হবে। বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোই এর মূল লক্ষ্য।
মেলায় ৫২’র ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪’র জুলাই আন্দোলনের শহীদ-আহতদের স্মরণে ‘বাংলাদেশ স্কয়ার’ নির্মাণ করা হয়েছে। খাতভিত্তিক সেমিনার-ওয়ার্কশপ, উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র, দুটি শিশু পার্ক, সিনিয়র সিটিজেন কর্নার, মহিলা-প্রতিবন্ধী-কুটির শিল্পের সংরক্ষিত স্টল থাকবে। দেশি বস্ত্র, মেশিনারি, ইলেকট্রনিক্স, ফার্নিচার, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্য প্রদর্শিত হবে।
টিকিট মূল্য: প্রাপ্তবয়স্ক ৫০ টাকা, শিশু (১২ বছরের নিচে) ২৫ টাকা। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আহতরা কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। মেলা চলবে সকাল ৯:৫৫ থেকে রাত ৯:৫০ পর্যন্ত (ছুটির দিন রাত ১০টা পর্যন্ত)।
যাতায়াতে কুড়িল, ফার্মগেট, নারায়ণগঞ্জ, নরসিংদী থেকে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে। নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা, সিসিটিভি, আর্চওয়ে, ফায়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছে। পরিচ্ছন্নতায় ২০০ জনের বেশি কর্মী নিয়োজিত। মা-শিশু কেন্দ্র, রক্ত সংগ্রহ কেন্দ্র, মসজিদ, এটিএম বুথ থাকবে।
১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা দেশি পণ্যের প্রচার, রপ্তানি বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারের মেলা পরিবেশবান্ধব ও আধুনিক সুবিধায় সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।





