২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন, আক্রান্ত ১,৯৯৪
সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন, এ সময় আক্রান্ত ১ হাজার ৯৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ১ হাজার ৪২৫ জনের প্রাণ গেল ডেঙ্গুতে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২২ সালে ২৮১, ২০২১ সালে ১০৫, ২০২০ সালে ৭ ও ২০১৯ সালে ১৭৯ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও, ২০২১ সালে দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো। ২০২২ সালে ডেঙ্গুতে মারা যান ২৮১ জন।
আর চলতি বছর নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪২৫ জন। এর মধ্যে ঢাকায় ৮৪৪ এবং ঢাকার বাইরে ৫৮১ জন।
৭ নভেম্বর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৪ জন। এর মধ্যে ঢাকা সিটির মধ্যে ৪৭৬ জন এবং বাকি ১,৫১৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত ঢাকার মধ্যে ১ লাখ ১ হাজার ৯৬১ এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬৩২ জন। সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৫৯৩ জন।
বর্তমানে সরকারিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন মোট ৬ হাজার ৫৫ জন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা: যাত্রীবাহী অটোরিকশার নিহত ৭ যাত্রী একই পরিবারের





