২০২৪ সালের শেষ দিকে বিদ্যুৎ উৎপাদনে যেতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নির্ধারিত সময়ে উৎপাদনে আসছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। কেন্দ্রটি ২০২৪ সালের শেষ দিকে বিদ্যুৎ উৎপাদনে যেতে পারে।
আজ বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে এ কথা জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘মূলত করোনা মহামারির কারণে আমাদের কাজ কিছুটা পিছিয়েছে। ফলে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কাজ সময়মতো শেষ করা যায়নি। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ শুরু করতেও দেরি হয়েছে। কিন্তু সব কাজের অগ্রগতি সন্তোষজনক। প্রথম ইউনিটের কাজ ৮৭ শতাংশ শেষ হয়েছে। সব কাজ ঠিকমতো হবে। বিদ্যুৎ বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সমন্বয় করেই কাজ চলছে।
এদিকে রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ও প্রকল্পের পরিচালক মো. শৌকত আকবর বলেন, ২০২৪ সালের মাঝামাঝি প্রথম ইউনিটের কাজ শেষ করার প্রক্রিয়া চলছে।
এর আগে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে একটি নিবন্ধ উপস্থাপন করেন ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট এলেক্সান্দার দেইরি। এতে বলা হয়, রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটমের বাস্তবায়ন করা রূপপুর বিদ্যুৎকেন্দ্র এলাকায় সঞ্চালন উপকেন্দ্র নির্মাণে জার্মান কোম্পানি সিমেন্স যন্ত্রপাতি সরবরাহে অস্বীকৃতি জানিয়েছে। এমন পরিস্থিতিতে প্রথম ইউনিট উৎপাদনে আসার সময় পিছিয়ে যাওয়া ঠেকানোর ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান।





