“হাওড়ে সড়ক নির্মাণের ফলে যেসব সমস্যার সৃষ্টি হয়েছে সেটি সমাধানের চেষ্টা করবে সরকার”
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অলওয়েদার সড়ক নির্মাণের ফলে যেসব সমস্যার সৃষ্টি হয়েছে সেটি সমাধানের চেষ্টা করবে সরকার।
শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনায় অলওয়েদার সড়ক পরিদর্শন করে প্রশাসন ও স্থানীয় গণমানুষ ব্যক্তিদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জেলার হাওড় অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে যুক্ত করে ৩০ কিলোমিটার দীর্ঘ সারা বছর চলাচল উপযোগী সড়ক নির্মাণ করা হয়। কিন্তু অপরিকল্পিতভাবে সড়কটি নির্মাণ করা হয়েছে এবং এ সড়ক নির্মাণের ফলে হাওড়ের বৈচিত্র বিনষ্টের পাশাপাশি হাওড়াঞ্চলে আগাম বন্যা দেখা দিচ্ছে বলে গত দুই বছর ধরে অভিযোগ করে আসছে সিলেট ও সুনামগঞ্জের লোকজন। এ অবস্থায় সড়কটি পরিদর্শন করতে আসেন উপদেষ্টা মোহাম্মদ কবির খান।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘অলওয়েদার সড়কের সঙ্গে কিশোরগঞ্জ জেলা ও সিলেটের সংযোগ করার জন্য স্থানীয় লোকজন দাবি জানিয়েছে। এটি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। তবে এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো উন্নয়ন কাজের পরিকল্পনা গ্রহণ করবে না বরং এলাকায় এসে স্থানীয় জনগণের সাথে কথা বলে, মানুষ যেটি চায় সেভাবেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘অলওয়েদার সড়কের ফলে হাওড়ের জমিতে বালি জমছে। এজন্য কৃষি বিভাগ ও কৃষি উপদেষ্টার সাথে কথা বলে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে। হাওড়ের নদ-নদীগুলো অবিলম্বে খনন করা হবে।’





