হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জের বানিয়াচংয়ে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার শুঁটকি ব্রিজের কাছে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও একই গ্রামের মৃত আব্দুল আওয়াল মিয়ার স্ত্রী নুরজাহান বেগম (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জ যাচ্ছিল। বানিয়াচং উপজেলার শুঁটকি নদীর নির্মাণাধীন ব্রিজের বিকল্প সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে নুরজাহান বেগম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মজনু মিয়াকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তিনজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ গ্রীষ্মে এই ৮টি ফল অবশ্যই খাবেন





