“হত্যাযজ্ঞ, নিপীড়ন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হত্যাযজ্ঞ, নিপীড়ন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। জনগণ তাদের প্রতিহত করবে।
আজ শুক্রবার বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনকে দেখতে গিয়ে এ অভিযোগ তোলেন তিনি।
তিনি বলেন, নাটোরের সংসদ সদস্য শিমুলের সন্ত্রাসী বাহিনীরা ফরহাদ আলী দেওয়ান শাহীনকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, তার ওপর গুলি চালিয়েছে। শাহীন জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সাবেক সভাপতি। সরকারবিরোধী আন্দোলন ও সংগ্রামে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। এ কারণেই ক্ষমতাসীন দলের নেতারা তার ওপর ক্ষুব্ধ।
সন্ত্রাসনির্ভর সরকারের পরিণতি ভালো হবে না মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, এভাবে হত্যাযজ্ঞ, নিপীড়ন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। জনগণ তাদের প্রতিহত করবে।
আরও পড়ুনঃ বিএনপি নেতারা বউদের কাছ থেকে শাড়ি এনে কেন পুড়িয়ে দিচ্ছেন না?





