সিইসিসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিসুর রহমানও পদত্যাগ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরো সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমিসহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজমান অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্তে কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব।’
এরপর সিইসি পদত্যাগপত্র সই করে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের হাতে তুলে দেন।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.), মো. আহসান হাবিব খান ও মো. আলমগীর উপস্থিত ছিলেন। তবে বেগম রাশিদা সুলতানা ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন না। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কাজী হাবিবুল আউয়াল কোনো জবাব দেননি।
আরও পড়ুনঃ “দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে, তার আমূল সংস্কার প্রয়োজন”





