সাম্প্রদায়িকতাকে যারা লালন করে, তারা সমাজের শত্রু, মানুষের শত্রু: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, যারা সাম্প্রদায়িকতা- মৌলবাদে বিশ্বাস করে, যারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়- তাদেরকে আমরা ঘৃণা করি। সাম্প্রদায়িকতাকে যারা লালন করে, তারা সমাজের শত্রু, মানুষের শত্রু। তাদেরকে নির্মূল করাই আমাদের লক্ষ্য।
আজ সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে- ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের সমান অধিকার। এটিকে আমরা বজায় রাখতে চাই।
সম্প্রীতির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, এ বারের সার্বজনীন দুর্গাপূজায় আমাদের প্রত্যয় হোক- আমরা সকল সম্প্রদায়ের মানুষ মিলে সম্প্রীতির সমাজ গড়ে তুলব। সকল সম্প্রদায়কে নিয়ে উন্নত জাতি হিসেবে গড়ে উঠবো। সন্ত্রাস- জঙ্গিবাদ- মৌলবাদমুক্ত হবে বাংলাদেশ।
আরও পড়ুনঃ “সব ধর্মের মানুষ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পূজা উপভোগ করছেন”





