“সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব”
নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেছেন, দীর্ঘ চাকরি জীবনের যে অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা অর্জন করেছি; তা নতুন পদে কাজে লাগিয়ে সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন মাহবুব হোসেন। এর আগে তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে পদায়নের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মাহবুব বলেন, সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা আদেশ পেয়েছি, সেখানে আমাকে মন্ত্রিপরিসদ সচিব হিসেবে সরকার নিয়োগ দিয়েছে। এজন্য প্রশাসন ও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
নির্বাচনী বছরে তার এ দায়িত্ব নেয়ার মধ্যে চ্যালেঞ্জ আছে বলে মনে করেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি কালকে (বুধবার) পরবর্তী দায়িত্ব নিয়ে চিন্তা করব। সামনে কী চ্যালেঞ্জ আছে, তা নিয়েও ভাববো। কিন্তু আজ আমি এখন পর্যন্ত এই মন্ত্রণালয়ের (জ্বালানি) সচিব। যে চ্যালেঞ্জ আসুক না কেন; সেটা আমাদের পরিপূর্ণ দক্ষতা দিয়ে মোকাবিলা করব। আমার তরফ থেকে এটুকু আমি বলতে পারি। মন্ত্রিপরিষদ সচিব পদটি সরকারি কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র পজিশন। আমার প্রথম কাজটি হবে সব মন্ত্রণালয়, সংস্থা ও দফতরের সঙ্গে সমন্বয় করা। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সবচেয়ে বড় শক্তি হবে এটি এবং সে কাজ করার ক্ষেত্রে আমি খুব আশাবাদি।





