“সব ধর্মের মানুষ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পূজা উপভোগ করছেন”
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হচ্ছে। সব ধর্মের মানুষ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উপভোগ করছেন। দশমীর দিনে বিসর্জনের মধ্যে দিয়ে এই পূজা অর্চনা শেষ হবে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারোয়ারি দুর্গা মন্দির প্রাঙ্গণে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
খাদ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সাম্প্রদায়িকতার স্থান নেই। বঙ্গবন্ধু সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলেছেন এবং এই চেতনা বুকে ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংবিধান মেনে অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলেছেন। সংবিধান অনুযায়ী এদেশে সব মানুষ মিলেমিশে থাকবো।
এসময় আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান মন্ত্রী।
আরও পড়ুনঃ “বেলজিয়ামের সঙ্গে বাংলাদেশের ৩৫০ মিলিয়ন ইউরোর চুক্তি হবে”





