“সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঐতিহ্যগত দুর্নীতি বন্ধ করা হয়েছে”
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঐতিহ্যগতভাবে যেটা চলতো, সেটা অন্তত বন্ধ করা হয়েছে। কমিশন, পার্সেন্টেজ এক সময় এখানে নিয়ম হিসেবে চালু ছিল। এখানে পদোন্নতি ও ট্রান্সফার নিয়ে অনেক কথা ছিল। সময় হওয়ার আগে একজন প্রকৌশলী নিজের পছন্দমতো জায়গায় বদলি হয়ে যেতেন। এসব চর্চা বন্ধ করা হয়েছে।
রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার দেয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি গতকালও সচিব মহোদয়কে বলেছিলাম, আমাদের অর্থনৈতিক যে সংকট, সেটা মাথায় রেখেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, প্রকল্প বাস্তবায়নে হাত দিতে হবে। কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি ঘটাতে চাই না। বাংলাদেশে শ্রীলঙ্কার যে ভুল, সেটা পুনরাবৃত্তি যাতে না হয়, সেটাও আমাদের দেখতে হবে।’
মন্ত্রী বলেন, ‘ভালো কাজের জন্য পুরস্কার, খারাপ কাজের জন্য তিরস্কার — দুটোই দরকারি। মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ প্রধান প্রধান কর্মকর্তা, আমরা যদি সৎ থাকি, তাহলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। অনেকের জন্য বেপরোয়া গতিতে দুর্নীতির বিস্তার লাভ করে, ধরা পড়ে অনেক পরে। দুর্নীতির জন্য আমাদের যে মূল্য দিতে হয়, সেটা আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক, দুঃখজনকও বটে।’
ওবায়দুল কাদের বলেন, ‘এই মন্ত্রণালয়ের ঐতিহ্যগতভাবে যেটা চলতো, সেটা অন্তত বন্ধ করা হয়েছে। কমিশন, পার্সেন্টেজ এক সময় এখানে নিয়ম হিসেবে চালু ছিল। এখানে পদোন্নতি ও ট্রান্সফার নিয়ে অনেক কথা ছিল। সময় হওয়ার আগে একজন প্রকৌশলী নিজের পছন্দমতো জায়গায় বদলি হয়ে যেতেন। এসব চর্চা বন্ধ করা হয়েছে।’





