“শ্রমিকদের আন্দোলন কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করে সেদিকে সতর্ক থাকতে হবে”
শ্রমিকদের আন্দোলনকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করে সেদিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান।
শনিবার সকালে জেলার পাগলা আলীয়া মাদ্রাসা শত্রুর্মদন ৯৩০ মিটার সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এ কথা বলেন।
গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্নান বলেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের নেতা ও মালিকদের সঙ্গে কয়েকদিন আগে বৈঠক করে শ্রমিকদের বর্তমান বেতনের চেয়ে ৫৮ শতাংশ বেতন বৃদ্ধি করেছে। আমি জানি না এ বেতন যথেষ্ট কি না। আমি এই বিষয়ে কোন মন্তব্যও করতে চাই না। তবে গার্মেন্টস শ্রমিকরা পরিশ্রম করেন, তারা অব্যশই ন্যায্য মজুরি পাবে এটাই স্বাভাবিক।
তিনি আরো বলেন, গার্মেন্টস শ্রমিকদের এই আন্দোলনকে কেউ যেন রাজনৈতিক ভাবে ব্যবহার না করে সেদিকে সর্তক থাকতে হবে। কারণ, তারা ন্যায়সংগত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে। তারা মালিকের সঙ্গে কথা বলবে, সরকারের সঙ্গে কথা বলবে। কিন্তু মাঝখান থেকে যদি কোন রাজনৈতিক লোক ঢুকে এটাকে আগুন দিয়ে বাড়ানোর চেষ্টা করে এটা কিন্তু কাম্য নয়।





