“শ্রমিক সংগঠন করার বিধান সহজ করতে বলেছে যুক্তরাষ্ট্র”
যুক্তরাষ্ট্র কলকারখানাগুলোতে শ্রমিক সংগঠন করার বিধান আরও সহজ করতে বলেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ রোববার সচিবালয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাশে লিনা খান ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথু বেহের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, কলকারখানাগুলোতে শ্রমিক সংগঠন করার বিধান আরও সহজ করতে বলেছে যুক্তরাষ্ট্র। যেসব কারখানায় তিন হাজারের কম শ্রমিক রয়েছে সেখানে ১০ শতাংশ শ্রমিকের সইয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেয়ার প্রস্তাব করেছেন তারা।
মন্ত্রী বলেন, বিষয়টি হচ্ছে যে, শ্রমিক অধিকার নিয়ে তারা নিজেদের বক্তব্য দিয়েছেন। আপনাদের (সাংবাদিক) হয়ত মনে আছে, গতবছর থেকেই এই আলোচনা হচ্ছে। আইনটিতে কী অগ্রগতি হয়েছে আরও অগ্রগতি সম্ভব কিনা; বিভিন্ন সময়ে এ বিষয়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা আমাদের হয়েছে। একটা পদক্ষেপ হিসেবেই আজকের আলোচনা হয়েছে।
এটা এতোটাই গুরুত্বপূর্ণ বিষয় যে, এবার শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে রেখেছেন প্রধানমন্ত্রী। সে রকমভাবে গুরুত্ব এটিকে দেয়া হয়। আমি এটাও বলেছি যে, আগামী বুধবার শ্রম মন্ত্রণালয়ের একটি টিমের সঙ্গে আলোচনায় বসবো, যোগ করেন মন্ত্রী।
আইনমন্ত্রী আরও বলেন, আগামী মার্চে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি বৈঠক বসবে, আমাদের অগ্রগতি সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার জন্য এবং তাদের দুয়েকটা জানার বিষয় আছে, সেই বৈঠকের পরে আমরা জানাব। আজ এ পর্যন্তই আলোচনা হয়েছে।





