শেখ হাসিনাকে পদত্যাগে কোনো ডেডলাইন দেয়নি যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে কোনো ডেডলাইন দেয়নি। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চাইলেও, কোনো দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই।
স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়টি তুলে ধরে সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে যুক্তরাষ্ট্র কোনো সময় বেঁধে দিয়েছে কি না, সে নিয়ে প্রশ্ন করা হয়।
এর আগে দুদিনের সফরে সম্প্রতি ঢাকায় আসেন মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার। সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে কথা বলেন তিনি। তার সফরের পর একটি অনলাইন নিউজ পোর্টাল জানায়, আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র।
তবে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস সে সময় জানায়, এমন খবরের কোনো সত্যতা নেই। এবার ডেডলাইনের বিষয়টি উড়িয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও।
আরও পড়ুনঃ “আমরা আটঘাট বেঁধে নেমেছি; অলিগলিতেও পালানোর পথ পাবেন না”





