“শিক্ষার মানের উন্নয়ন ঘটলে প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে”
শিক্ষার মানের উন্নয়ন ঘটলে প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক শিক্ষার ওপর অনেকগুলো ঝড়ঝাপটা গিয়েছে। কোভিডে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক বাচ্চারা চলে গেছে। প্রাথমিকে যে কারিকুলাম চালু হয়েছে, সেটা অভিভাবকরা গ্রহণ করেননি। সামগ্রিক অবস্থা মিলে প্রাথমিক শিক্ষার মানের অবনতি ঘটেছে। আমরা চেষ্টা করছি, সে মানের উন্নয়ন করতে। আশাকরি শিক্ষার মানের উন্নয়ন ঘটলে প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে।
উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে অনেকগুলো লাভ হয়। শিশুরা টিমওয়ার্ক শিখে। তারা যুক্তি চর্চা শিখে। এগুলো করতে গিয়ে তার নিজের চর্চা বাড়ে। কথা বলার দক্ষতা বাড়ে, সাহস বাড়ে এবং তথ্য জোগাড় করতে গিয়ে তাদের পড়ালেখার আগ্রহ বাড়ে। বিতর্ক প্রতিযোগিতা বাচ্চাদের শিক্ষার উন্নতিতে সহায়তা করে। এটা সারাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো।





