রোমে বন্দুক হামলায় ৩ নারী নিহত
ইতালির রাজধানী রোমের এক বন্দুকধারীর গুলিতে তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সন্দেহভাজন হামলাকারী সেখানকার স্থানীয় বাসিন্দা। অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল।
প্রতিবেদনে বলা হয়, তিন নারীকে হত্যার পর ৫৭ বছর বয়সী ওই বন্দুকধারীকে পুলিশ আটক করেছে। রোমের ফিদিন জেলার ওই অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দারা পার্শ্ববর্তী একটি বারে বৈঠক করছিলেন। বন্দুকধারী ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। তিনি চিৎকার করে বলতে থাকেন: ‘আমি তোমাদের সবাইকে মেরে ফেলব।’ এরপর তিনি গুলি চালাতে শুরু করেন।
গুলিতে আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ “বিএনপির পদত্যাগে সংসদ অচল হবে না”





