“রোগীদের দেখার দায়িত্ব অ্যাটেন্ডারদের নয়, নার্সদের”
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোগীদের দেখার দায়িত্ব অ্যাটেন্ডারদের নয়, নার্সদের। কিন্তু মাঠ পর্যায়ে আমরা অনেকটা বিপরীত চিত্র দেখতে পেরেছি।
আজ রোববার রাজধানীর মিন্টু রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ভাষা আন্দোলনের তাৎপর্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সবচেয়ে বড় কাজ। করোনার পাশাপাশি ভ্যাকসিন পাওয়া ছিল অত্যন্ত চ্যালেঞ্জের। তবে সরকার সেটি ঠিকভাবে মোকাবিলা করতে পেরেছে। চিকিৎসকদের পদোন্নতি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে আর কোনো জটিলতা থাকবে না।
জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার মাধ্যমেই এ জাতি স্বাধীনতা পেয়েছে। আমরা যে কথা বলতে পারছি সেটি বঙ্গবন্ধুর কারণেই। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়তে স্বাধীনতার পর মাত্র তিনটি বছর সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু। তার স্বপ্ন ছিল কেউ গৃহহীন থাকবে না, বিনা চিকিৎসা কেউ মারা যাবে না। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে।
আরও পড়ুনঃ শর্ত সাপেক্ষে ভারতীয় ছবি আমদানিতে সম্মত চলচ্চিত্র পরিষদ





