রুশ সেনাঘাঁটিতে ইউক্রেনের হামলায় নিহত ৬৩
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত মাকিভকা এলাকায় অস্থায়ী একটি সেনাঘাঁটিতে ইউক্রেনীয় বাহিনীর গত শনিবারের হামলায় ৬৩ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগ এর আগে বলেছে, ওই হামলায় প্রায় ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন।
রুশ মন্ত্রণালয় বলেছে, হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেট–ব্যবস্থা ব্যবহার করেছে ইউক্রেন। অস্থায়ী একটি সেনাশিবিরকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
কিয়েভও হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, নববর্ষের আগের সন্ধ্যায় (৩১ ডিসেম্বর) মাকিভকাতে এ হামলা হয়েছে।
গতকাল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রাণহানির এ সংখ্যা উল্লেখ করা হয়েছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধে মস্কো এ পর্যন্ত তাদের প্রাণহানির যেসব সংখ্যা প্রকাশ করেছে, তার মধ্যে এটিই এক হামলায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।





