রুশ নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের হামলায় হতাহত ৩৮
রুশ নিয়ন্ত্রণে থাকা এলাকার একটি হাসপাতালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও ২৪ জন।
এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সৈন্যরা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেটের সাহায্যে এ হামলা চালিয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের ওব্লাস্ট অঞ্চলের নোভোআইদা শহরের একটি হাসপাতালে এ হামলা চালানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘একটি বহুল পরিচিত ও গুরুত্বপূর্ণ বেসামরিক চিকিৎসাকেন্দ্রে এমন ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের একটি গুরুতর যুদ্ধাপরাধ। যারা এ অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনা হবে।’
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের এ হামলায় সামরিক-বেসামরিক চিকিৎসাকর্মীসহ হাসপাতালটিতে কর্মরত অনেকেই, যারা দীর্ঘ সময় ধরে হাসপাতালটিতে স্থানীয় লোকজন এবং সৈন্যদের চিকিৎসা করে আসছিল, তাদের অনেকেই হতাহত হয়েছেন।
আরও পড়ুনঃ আরসিসির সাতটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর





