রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল
মোদি পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার গুজরাটের একটি আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল। তারই ভিত্তিতে নিয়মানুযায়ী রাহুলের সংসদ পদ বাতিল করা হলো।
কেরালার ওয়েনাড লোকসভা আসনের সদস্য ছিলেন রাহুল গান্ধী। আইন অনুযায়ী, সংসদ সদস্য পদ বাতিল হওয়ায় রাহুল অন্তত আগামী ৬ বছর কোনো নির্বাচনে লড়তে পারবেন না।
এর আগে শুক্রবার সংক্ষিপ্ত সময়ের জন্য লোকসভায় যান রাহুল গান্ধী। এ সময় লোকসভার অধিবেশনে ব্যাপক হট্টগোল হয়। বিক্ষোভ-প্রতিবাদের জেরে দুপুর পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করা হয়। এরপর রাহুল চলে যান। এদিকে রাহুলকে লোকসভায় অযোগ্য ঘোষণার পর জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেস। এই বৈঠকে কংগ্রেসের স্টিয়ারিং কমিটি, সব রাজ্যের কংগ্রেসের সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের সময় রাহুল গান্ধী স্লোগান তোলেন, ‘চৌকিদার চোর হ্যায়’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানাতেই এ স্লোগান তোলেন তিনি।
আরও পড়ুনঃ মির্জা ফখরুল আলমগীরের মর্মবেদনা আমরা বুঝি : ওবায়দুল কাদের





