রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালতের পেশকার মো. জাহাঙ্গীর জানান, সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) মো. এনামুল হক এই নিষেধাজ্ঞার জন্য আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জশিটভুক্ত ২৮৬ আসামির মধ্যে কেউ কেউ বাংলাদেশে এবং কেউ বিদেশে অবস্থান করছেন। দেশে থাকা আসামিরা যেন পালাতে না পারেন এবং বিদেশ থেকে আগত আসামিদের আটক করা যায়, সেজন্য এই নিষেধাজ্ঞা প্রয়োজন।
২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন সিআইডির এনামুল হক। তদন্তের পর ৩০ জুলাই ২৮৬ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়। ১৪ আগস্ট চার্জশিট গ্রহণ করে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিটিংয়ে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দিয়ে দেশবিরোধী বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।





